সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্বাধীন অর্থনৈতিক কৌশলবিষয়ক উপদেষ্টা কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও রিজার্ভের ওপর সৃষ্ট চাপ এবং ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির ওপর বহুমুখী চ্যালেঞ্জ ও সম্ভাব্য সংকট মোকাবিলায় করণীয় ঠিক করতে অর্থ, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিপরীতে বিপুল আমদানি ব্যয়ের কারণে বৈদেশিক লেনদেনে রিজার্ভের ওপর চাপ মোকাবিলায় ব্যয় হ্রাস থেকে শুরু করে সুচিন্তিত অর্থনৈতিক কর্মকৌশল নেওয়া ও বাস্তবায়ন জরুরি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের প্রশংসনীয় অর্জন অব্যাহত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ দিকনির্দেশনার জন্য দেশে ও আন্তর্জাতিকভাবে সুখ্যাতি সম্পন্ন বাংলাদেশি অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে একটি অর্থনৈতিক কৌশলবিষয়ক পরামর্শক কমিটি গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
বৈশি^ক অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষের আশঙ্কা করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্য সব দেশের মতো বাংলাদেশকেও সম্ভাব্য খাদ্যঘাটতিসহ বহুমুখী সংকটের মুখোমুখি হতে হবে। এ ধরনের সংকটে বৈশি্বক অভিজ্ঞতা অনুযায়ী যেকোনো দেশেই সুশাসন অধিকতর ব্যাহত হয়, দুর্নীতি, অর্থ পাচারসহ আর্থিক খাতের বহুমুখী অনিয়ম গভীরতর ও ব্যাপকতর হয়। আর্থসামাজিক বৈষম্য, দারিদ্র্য ও প্রান্তিকতার বিকাশ ঘটে। তিনি বলেন, সম্ভাব্য সংকট ও প্রতিকূলতাকে স্বল্প ও মধ্যমেয়াদে প্রতিহত করে পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১ এর অভীষ্ট অনুযায়ী শূন্য দারিদ্র্য নিশ্চিত করতে সুনির্দিষ্ট কৌশল প্রণয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।