বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার বারমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
হতাহত ৩ জনই মোটরসাইকেল আরোহী।
নিহতদের মধ্যে আব্দুল্লাহ (২৫) নামের একজনের নাম নিশ্চিত করেছে থানা-পুলিশ।
তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। অপরজনের নামপরিচয় জানা যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন সাগর হোসেন (২৮) নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুরের বাসিন্দা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। বারমাইল এলাকায় গার্ডেন ভিউ হোটেলের সামনে মোটরসাইকেলটি নওগাঁগামী একটি ধানবোঝাই ট্রাককে ওভারটেক করে। এ সময় বগুড়াগামী একটি কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মহাসড়কে পড়ে গেলে নওগাঁগামী ট্রাক তাদেরকে চাপা দিয়ে মহাসড়কে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। গুরুতর আহত অপর এক যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করে।
ট্রাকটি মহাসড়কে আড়াআড়িভাবে উল্টে থাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, নিহত দু'জনের মধ্যে একজনের পকেটে থাকা কাগজ অনুযায়ী তার নাম আব্দুল্লাহ বলে জানা গেছে। আহত যুবক বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।