পেঁয়াজের পাইকারি দাম কমতে থাকার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা। কমতে কমতে প্রতি কেজির দাম মাত্র ৬ রুপিতে নামায় গত বৃহস্পতিবার স্থানীয় কৃষি অফিসের সামনে রাস্তা অবরোধ করেন তারা। গত শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, মহারাষ্ট্র পেঁয়াজ চাষি সমিতির সঙ্গে যুক্ত কৃষকরা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেওলা কৃষি উৎপাদন বাজার কমিটির (এপিএমসি) অফিসের সামনে রাস্তা অবরোধ করেন। এতে নাসিক ও মালেগাঁওয়ের মধ্যে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ক্ষুব্ধ কৃষকদের বক্তব্য, গত কয়েক দিনে পেঁয়াজের পাইকারি দাম প্রতি কুইন্টাল (১০০ কেজি) ১০০০ রুপি থেকে কমে ৬০০ রুপিতে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র রাজ্য পেঁয়াজ চাষি সমিতির নাসিক জেলা সভাপতি জয়দীপ ভাদানে বলেছেন, প্রতি কুইন্টাল পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ পড়ছে ২০০০ রুপি, কিন্তু বিক্রি করে সেই খরচ উঠছে না। তিনি বলেন, পেঁয়াজের পাইকারি দাম কমে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা চাই, কেন্দ্র ও রাজ্য সরকার গত দুই মাস কম দামে পেঁয়াজ বিক্রি করেছেন এমন কৃষকদের জন্য প্রতি কুইন্টালে ৫০০ রুপি অনুদান ঘোষণা করুক।
মহারাষ্ট্র রাজ্য পেঁয়াজ চাষি সমিতির এ নেতা আরও অভিযোগ করেন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) সরাসরি কৃষকদের কাছ থেকে না কিনে তৃতীয় পক্ষের মাধ্যমে পেঁয়াজ সংগ্রহ করছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।