গাজীপুরে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক পিকআপে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার নলছাটা ‘রেল ক্রসিংয়ে’ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জ বন্দর থানার তালশাঁস ব্যবসায়ী মো. লিটন (৪৫), গাজীপুরের কালীগঞ্জ থানার বড় কয়ের গ্রামের জাকির হোসেন (২৫) ও একই গ্রামের মৃদুল (১৫)। জাকির পিকআপটির চালক ছিলেন আর মৃদুল ছিল তার সহকারী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি গাজীপুর মহানগরীর পুবাইল বাজার থেকে তালের শাঁস নিয়ে নারায়ণগঞ্জের বন্দর যাচ্ছিল। কালীগঞ্জের নলছাটা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্দুর ট্রেন পিকআপটিকে ধাক্কা দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা তালের শাঁস ব্যবসায়ী, চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের অভিযোগ, নলছাটা এলাকার এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে।
কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ট্রেনের সামনে থেকে পিকআপের কিছু দুমড়েমুচড়ে যাওয়া অংশ সরিয়ে নিলে ঢাকার উদ্দেশে চলে যায় ট্রেনটি।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, লাশগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।