কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে শিল্পমন্ত্রী

মুন্সীগঞ্জ ঘিরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগামী ডিসেম্বরেই কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাইলিং ও দেয়াল নির্মাণকাজ সম্পন্ন হবে। মুন্সীগঞ্জ ঘিরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে। এতে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। গতকাল শনিবার জেলার সিরাজদিখান উপজেলার বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, উপসচিব হারুন অর রশিদ, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর প্রমুখ।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘মুন্সীগঞ্জের যে প্রকল্পটি আছে, এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছি। করোনা ও বিভিন্ন কারণে প্রকল্পের কাজ কিছুটা থেমে গেলেও বর্তমানে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে কেমিক্যাল শিল্পপার্কের কাজ সম্পন্ন হবে।’ তিনি আরও বলেন, ‘এর সঙ্গে মুদ্রণ ও প্লাস্টিক শিল্প দুটির প্রকল্প সমীক্ষা হয়ে গেছে। এই প্রকল্পগুলো ঘিরে মুন্সীগঞ্জের মানুষের বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে। এ অঞ্চলের লোকজন কেউ কর্মহীন থাকবে না। মুন্সীগঞ্জ ঘিরে বাংলাদেশে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে। একে ঘিরে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।

২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ৩০৮ একর জমিতে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি তথা একনেক। যার নাম দেওয়া হয় মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংশোধিত প্রকল্প। প্রক্রিয়া শুরুর পর কেটে গেছে ১৮ মাস। এ ছাড়া পাশেই ১০০ একর জায়গায় মুদ্রণশিল্প পার্ক তৈরির প্রক্রিয়া সম্পন্ন এবং একই উপজেলার বড়বর্তা গ্রামে ৫০ একর ভূমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য অধিগ্রহণ প্রক্রিয়াধীন।