সিরাজগঞ্জের কাজিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ঘটনায় নরসিংদী থেকে স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
শনিবার রাত ৯টায় জেলার শিবপুর থানার মজলিশপুর এলাকা থেকে স্বামী নাজমুল হোসেনকে (২১) গ্রেপ্তার করে র্যাব-১১।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব- ১১ নরসিংদী সিপিএসসি এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান।
গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার নিশ্চিন্তপুর ইউনিয়নের জুমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুল হোসেনের সঙ্গে সিরাজগঞ্জের কাজীপাড়া থানায় বসবাসকারী মিম খাতুনের সঙ্গে এক মাসের প্রেমের সম্পর্ক ছিল।
এই সম্পর্কের সূত্র ধরে তারা ২০২১ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েক দিনের মাথায় মিম খাতুনের স্বামী নাজমুল এবং পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজন যৌতুকের জন্য তার ওপর নির্মম নির্যাতন চালাত।
একপর্যায়ে মিম তার শ্বশুরপক্ষের দাবিকৃত যৌতুকের এক লাখ টাকা চেয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। কিন্তু মিমের বাবা একজন গরিব কৃষক বিধায় তার পক্ষে যৌতুকের টাকা জোগাড় করা সম্ভব হয়নি।
৬ এপ্রিল বুধবার মাত্র এক লাখ টাকা যৌতুকের জন্য মিম খাতুনকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হাত পা চেপে ধরে, মুখে বালিশ চেপে এবং পরবর্তীতে গলায় ওড়না পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।
শ্বশুরপক্ষের লোকজন উক্ত ঘটনাকে ধামাচাপা দিতে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আদালতের হস্তক্ষেপে ১৭ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের বিরুদ্ধে যৌতুকের জন্য হত্যা মামলা হয়।
পরে হত্যাকাণ্ডের পর নাজমুল তার কিছু বন্ধুর সঙ্গে নরসিংদীতে পালিয়ে আসেন। যার ফলশ্রুতিতে র্যাব উক্ত আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
পরে শিবপুর থানার মজলিশপুর এলাকা থেকে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।