কালকিনিতে নির্বাচন

ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাককে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এই দুই পদে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা আরও হয়েছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ মে মনোনয়নপত্র দাখিলের সময় কতিপয় দুষ্কৃতকারী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক এক ব্যক্তিকে বাধা দেয় এবং রিটার্নিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পূর্ব এনায়েতনগর ইউপির নির্বাচনী তফসিল স্থগিত করে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেয় কমিশন।

নির্বাচন কমিশন তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর ৩২৭-এর ধারা (৪) ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি (৩)-এর বিধান অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ইউএনওকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে তার স্থলাভিষিক্ত করার নির্দেশনা দেয়। একই সঙ্গে ইউপি নির্বাচন ঘিরে ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ ও সরকারি দায়িত্বে অবহেলার দায়ে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় কালকিনি থানার ওসিকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে তার স্থলাভিষিক্ত করার নির্দেশনাও দেয় কমিশন।

এদিকে পরিবর্তিত সূচি অনুযায়ী, পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে, বাছাই ২৪ মে, আপিল দায়ের ২৫-২৭ মে, আপিল নিষ্পত্তি ২৮ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৯ মে, প্রতীক বরাদ্দ ৩০ মে এবং ভোগগ্রহণ হবে ১৫ জুন।