জাবি ছাত্রীদের শ্লীলতাহানি দুই বিক্রয়কর্মী গ্রেপ্তার

সাভারের একটি শপিং মলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই বিক্রয়কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে সাভার নিউমার্কেট নামের ওই শপিং মল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক হলেন সাভারের রাজাশন এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহীন (২৭) ও দেওগাঁ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪)। তারা দুজনই সাভার নিউমার্কেটের ম্যাস্ট্রো নামে একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী সাভার নিউমার্কেটে কেনাকাটা করতে যান। মার্কেটের তৃতীয় তলার ‘ম্যাস্ট্রো’ নামের কাপড়ের বিক্রয় কর্মীরা তাদের কাপড় দেখার আহ্বান জানান। ওই দুই ছাত্রী দোকানের ভেতর ঢুকে কাপড় দেখা শুরু করলে দোকানের শাটার বন্ধ করে দেন অভিযুক্তরা। শিক্ষার্থীরা তখন চিৎকার করলে তারা ‘মজা করেছে’ বলে শাটার খুলে দেন।

ওই দুই শিক্ষার্থী জানান, ঘটনার পরপর মার্কেট কর্র্তৃপক্ষকে জানিয়ে তারা সাভার থানায় মামলা করেন। গ্রেপ্তারের খবরও শুনেছেন। তারা ওই দুই বিক্রয়কর্মীর কঠোর শাস্তি দাবি করেছেন।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, রবিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।