রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে নয়াদিল্লিকে ঢাকার চিঠি

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।

গতকাল রবিবার ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে এ কূটনৈতিক পত্র পাঠানো হয় বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের কয়েকটি জেলা দিয়ে কিছু কিছু রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। এ অনুপ্রবেশ বন্ধ করতেই দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।’

রোহিঙ্গাদের এ অনুপ্রবেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত সপ্তাহে নিজ দপ্তরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, দলে দলে ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। দেশটি থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানো হবে। 

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণ হিসেবে জানান, বাংলাদেশে ভালো খাবার পাওয়ার আশায় দলে দলে ছুটে আসছে তারা। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারাই তাদের আত্মীয়-স্বজনদের খবর দিয়ে এখানে আনার চেষ্টা করছে।