ময়মনসিংহের সদর উপজেলার ভাটি দাপুনিয়ায় বিয়ের তিন মাস পর স্বামী-স্ত্রী বিষপানে ‘আত্মহত্যা’ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা হলেন রনি মিয়া (২২) এবং সেতু আক্তার (১৯)।
রবিবার মধ্যরাতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সোমবার ভোর ৪টার দিকে দুজনের মৃত্যু হয়।
পুলিশ বলছে, এ দম্পতির মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিন মাস আগে ময়মনসিংহ নগরীর বলাশপুর কসাইপাড়ার তারা মিয়ার মেয়ের সঙ্গে ভাটি দাপুনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে রনি মিয়ার বিয়ে হয়। রনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। এর মধ্যে রবিবার রাতে তারা বিষপান করেছে এমনটা টের পেয়ে হাসপাতালে নিয়ে যায় পরিবার ও স্থানীয়রা।
সেতু আক্তারের বাবা তারা মিয়া বলেন, ‘রবিবার রাত ১২টার দিকে মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেছিলাম। তখন তারা ভালোই ছিল। কথা বলার আধঘণ্টা পর শুনি মেয়ে অসুস্থ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারি মেয়ে আর জামাই বিষ খেয়েছে। ডাক্তাররা চেষ্টা করলেও দুজনকে বাঁচানো যায়নি।’
তিনি আরও বলেন, ‘মেয়ের দাম্পত্য জীবন খুব সুখের ছিল। তবে কী কারণে কী ঘটেছে তা বলতে পারছি না।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘তারা কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তা খতিয়ে দেখা হচ্ছে।’