প্রণোদনার ঋণ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার কৃষক

করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষকের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ১ লাখ ৮৩ হাজার ৭০ গ্রাহককে স্বল্পসুদে ঋণ দেওয়া হয়েছে। ঋণের পরিমাণ মোট ৪ হাজার ২৯৫ কোটি ১৪ লাখ টাকা। বিতরণ করা এ অর্থ স্কিমের ৮৫ দশমিক ৯০ শতাংশ।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ নামে ৫ হাজার কোটি টাকার এই তহবিল গঠন করা হয়। পুনঃঅর্থায়ন স্কিম থেকে জামানতবিহীন সহজ শর্তে ৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন কৃষকরা।

যেসব ব্যাংক পুনঃঅর্থায়ন স্কিমের এ অর্থ সাধারণ কৃষকের কাছে পৌঁছে দিতে কাজ করেছে, তাদের মধ্যে সফল বাস্তবায়নকারী ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে সম্প্রতি প্রশংসাপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ এন হামিদুল্লাহ্ কনফারেন্স রুমে একটি সভায় আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

প্রশংসাপত্র পাওয়া ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট, কৃষি, রাজশাহী কৃষি উন্নয়ন, ইসলামী, এক্সিম, ব্র্যাক, প্রিমিয়ার, ওয়ান, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী, উত্তরা, এবি, এনআরবি কমার্শিয়াল এবং মধুমতি ব্যাংক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরী ও কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল হাকিমসহ অন্যরা।

প্রসঙ্গত, চলতি অর্থবছরেও কৃষি খাতের জন্য এই প্রণোদনার ঋণ চালু রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরে এ খাতে স্বল্পসুদে ঋণ দেওয়ার জন্য ৩ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়। বর্তমানে এই তহবিলের ঋণ কার্যক্রম চলমান রয়েছে।