ওইসিডি দলের সফর

এলডিসিপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির নির্দেশনা

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) বিভাগীয় প্রধান ড. আনালিসা প্রিমি গতকাল গুলশানের বিজিএমইএ অফিসে সংস্থার সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভির আহমেদ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ।

বৈঠকে ওইসিডির অতিথিরা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলার নির্দেশনা দেয়। বিশেষ করে এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণ, অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব এবং এলডিসিপরবর্তী যুগে সব বাধা উপেক্ষা করে প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা এবং এলডিসিপরবর্তী যুগে বৈশ্বিক বাজারে এই অবস্থান বজায় রাখতে প্রয়োজনীয় নীতি-সহায়তা এবং অন্যান্য পদক্ষেপের বিষয়েও কথা বলেছেন।

ফারুক হাসান ওইসিডি দলকে জানান, বিগত বছরগুলোতে পরিবেশগত টেকসই উন্নয়ন ক্ষেত্রে পোশাক শিল্পকে নিরাপদ শিল্পে পরিণত করার প্রক্রিয়া চলছে। পোশাক শিল্প রপ্তানি অর্জন এবং মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে। তিনি বাংলাদেশের পোশাক শিল্পে কভিড-১৯-এর প্রভাব, কীভাবে এই খাত চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং ঘুরে দাঁড়িয়েছে, সে বিষয়েও তাদের অবহিত করেন।

ফারুক হাসান পরিবর্তনশীল ব্যবসায়িক মডেল, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং পোশাক শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো, বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় উদ্ভাবন ও প্রযুক্তি গ্রহণসহ পোশাক শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলোর ওপর আলোকপাত করেন।