বিজেএমসির উদ্যোগে পাট খাত পুনরুজ্জীবিত হয়েছে : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, চট্টগ্রামের কেএফডি জুট মিলসের উৎপাদিত পাটপণ্য বিদেশে রপ্তানি শুরুর মাধ্যমে পাট খাত আবার পুনরুজ্জীবিত হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়া এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের কেএফডি জুট মিলসের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রামের কেএফডি জুট মিলস, ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিসের কাছে ভাড়াভিত্তিক ইজারা দেওয়া করা হয়। কেএফডি জুট মিলটি বর্তমানে ৬০০ শ্রমিকের মাধ্যমে দৈনিক গড়ে ১০ টন পাটপণ্য উৎপাদন করছে। ইউনিটেক্স জুট এ পর্যন্ত ১৩০ টন পাটজাত পণ্য ভিয়েতনাম, তিউনিশিয়া ও চীনে রপ্তানি করছে। এছাড়াও প্রায় ৬০০ টন পাটপণ্যের অর্ডার শিপমেন্টের অপেক্ষায় আছে। ইউনিটেক্স আরও দুটি উৎপাদন ইউনিট আধুনিকায়নের মাধ্যমে চালু করতে যাচ্ছে। প্রচলিত ও বহুমুখী পাটপণ্য মিলে দৈনিক গড়ে ১০০ টন পণ্য উৎপাদন করা সম্ভব হবে। এখানে ৩৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস ভাড়াভিত্তিক ইজারা দেওয়া হয়েছে। মিলটিতে ইতিমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও খুলনার ক্রিসেন্ট জুট মিলস ও চট্টগ্রামের হাফিজ জুট মিলসের লিজ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, ১৩টি জুটমিলের জন্য ২য়  ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে।