রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পুলিশের অভিযানে জব্দ ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্য তেল খোলাবাজারে বিক্রির নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এই নির্দেশ দেন। এর আগে গত ৯ মে তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদাম থেকে এসব ভোজ্য তেল জব্দ করা হয়।
আদালত পরিদর্শক (জেলা) আবদুর রফিক জানান, জব্দকৃত তেল আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে বিক্রি করতে হবে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। একজন ভোক্তার কাছে সর্বোচ্চ ২ লিটার তেল বিক্রি করা যাবে। বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এ ছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেল বিক্রি শেষে সংশ্লিষ্ট থানার ওসিকে আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, ‘অবৈধভাবে মজুদ করা এসব তেল জব্দ করার পর পুলিশের পক্ষ থেকে এগুলো খোলাবাজারে সাধারণ মানুষের মধ্যে বিক্রির জন্য আদালতে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত অনুমতি দিয়েছে।