আদালতের আদেশ জাল করায় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুন্ডে আদালতের আদেশের ভুয়া কপি উপস্থাপন করায় আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসে একটি শুনানি চলাকালে অভিযুক্তকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের আদেশ সংবলিত রায়ের একটি কপি জনৈক কামাল পাশার পক্ষে আবদুল মান্নান নামের ওই ব্যক্তি সহকারী কমিশনারের কাছে উপস্থাপন করেন। সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ পরীক্ষা করে আদেশটি জাল বলে নিশ্চিত হন। কামাল পাশা এ সময় সটকে পড়েন। তার পক্ষে আবদুল মান্নান হাজির হলে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।