কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলা করে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার করা মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত। এই মামলায় তিনি হুকুমের আসামি।

এ মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে গত সোমবার রায় দেয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

২০১৯ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কুমিল্লার সংশ্লিষ্ট আদালত এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে। পরে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন তিনি। ওই বছরের ৬ মার্চ হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিনের পাশাপাশি স্থায়ী জামিন প্রশ্নে রুল দেয়। পরে কয়েক দফায় জামিনের এ মেয়াদ বাড়ানো হয় বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, ‘এ মামলায় বিএনপির চেয়ারপারসন অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। বিভিন্ন সময় জামিনের মেয়াদ বাড়ানো হয়। আদালত জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে। এখন এ মামলায় তিনি স্থায়ী জামিনে থাকবেন।’

একই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন বলে জানান আইনজীবী।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহন নামে একটি নৈশকোচে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাসের মধ্যে আগুনে পুড়ে সাতজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। আহত হন অন্তত ২৭ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা ও  বিস্ফোরক আইনে ৭৭ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।