ফ্রান্সের রাজধানী প্যারিসে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের পিটুনিতে মুন্সীগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার ভোরে প্যারিসের বাস্তিল এলাকার কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় তার ওপর হামলার পর গত বুধবার তার মৃত্যু হয়।
নিহত সোহেল রানা (৪৩) মুন্সীগঞ্জের সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো. আজিজুল হক সরকারে ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
এক দশকের বেশি সময় ধরে প্যারিসে বসবাস করে আসা সোহেল বাস্তিলের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। তিনি স্ত্রী ও তিন বছরের ছেলে আইয়াসকে নিয়ে সেখানে থাকতেন।
সোহেলের মৃত্যুর খবরে প্যারিসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আর মুন্সীগঞ্জের সিরাজদিখানের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত সোহেলের বাবা আজিজুল হক দেশ রূপান্তরকে বলেন, তার ছেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে কাজ করত। মূলত রাতের পালায় কাজ করত। প্রতিদিনের মতো শনিবার রাতের কাজ শেষে ভোরের দিকে রেস্টুরেন্ট থেকে বের হয়। এ সময় রেস্টুরেন্টের কাছের একটি গলিতে কয়েক সন্ত্রাসী তার ছেলেকে মারধর করে। এতে মাথায় প্রচ- আঘাত পায় সোহেল। পরে পুলিশ তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে সোহেল মারা যায়। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক বাদী হয়ে সেখানকার থানায় একটি মামলা করেছেন বলেও জানিয়েছেন নিহত সোহেলের বাবা।