অনিবন্ধিত ১০ হাসপাতাল বন্ধ, একটিকে জরিমানা

ঝিনাইদহে ৮টি ও গাজীপুরে ২টি অনিবন্ধিত হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় গাজীপুরে আরও একটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব হাসপাতাল বন্ধ ও জরিমানা করে স্বাস্থ্য বিভাগ। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের সব অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর, টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেুগলোতে তালা ঝুলিয়ে সিলগালা করা হচ্ছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে। এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসপাতালসহ ৮টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ঝিনাইদহে ১৭৯টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ২৭টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।

এদিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে তিনটি হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘মাওনা পপুলার মেডিকেল সেন্টার’ ও ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের’ নিবন্ধন না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ‘কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের’ নিবন্ধন মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস উপস্থিত ছিলেন।

প্রণয় ভূষণ দাস বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে দুটি হাসপাতাল বন্ধ ও একটিকে জরিমানা করা হয়েছে। উপজেলার প্রতিটি হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা বরাবরই কাজ করে যাচ্ছি। যেসব হাসপাতাল সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সরকার নির্ধারিত মূল্য নেওয়া হচ্ছে কি না, তারও খোঁজ নেওয়া হচ্ছে।’