রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষায়, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করুন এবং ইউক্রেনে দেশটির ‘অর্থহীন যুদ্ধের’ অবসান ঘটাতে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন। তিনি আরও বলেছেন, তার দেশ স্বাধীন থাকবে। তবে প্রশ্ন হচ্ছেÑ ঠিক কতটা মূল্য দেওয়ার পর সেটি হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাজার হাজার রুশ সেনা পূর্ব ইউক্রেনের অন্যতম প্রধান দুটি শহর সিভিয়েরোদোনেতস্ক এবং লিসিচানস্ক দখলে নিতে হামলা ব্যাপক জোরদার করেছে। এই পরিস্থিতিতেও মস্কোর বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্ভাব্য পদক্ষেপ বেশ ধীরগতির। আর এ কারণেই সম্প্রতি পশ্চিমাদের সম্পর্কে জেলেনস্কির সমালোচনা বেড়েছে।
রাশিয়া অবশ্য তিন মাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায়। মূলত তখন থেকে এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। আরও স্পষ্ট করে বললে, রুশভাষী মানুষকে রক্ষা এবং রাশিয়াপন্থি বিদ্রোহীদের রক্ষার কথা বলে দনেতস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস ভূখণ্ড দখলের চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই রুশ সেনাদের ব্যাপক গোলাবর্ষণে বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের এই শিল্প এলাকা।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন সব সময় একটি স্বাধীন রাষ্ট্র থাকবে এবং এটিকে ভেঙে ফেলা যাবে না। এখন একমাত্র প্রশ্ন হলোÑ নিজেদের স্বাধীনতার জন্য আমাদের জনগণকে কী মূল্য দিতে হবে এবং একই সঙ্গে আমাদের বিরুদ্ধে এই অর্থহীন যুদ্ধের জন্য রাশিয়াকে কী মূল্য দিতে হবে। বিপর্যয়কর এই ঘটনাগুলো এখনো বন্ধ করা যেতে পারে যদি বিশ্ব ইউক্রেনের পরিস্থিতিকে নিজেদের পরিস্থিতি বলে চিন্তা করতে পারে। একই সঙ্গে বৈশ্বিক শক্তিগুলো রাশিয়ার সঙ্গে না খেলে যুদ্ধ শেষ করার জন্য (মস্কোকে) সত্যিই চাপ দেয় তবে এসব বিপর্যয় এড়ানো যেতে পারে।’