খুলনায় বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০০-৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, জেলা বিএনপির আহ্বায়কসহ যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার পর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতে পুলিশ মামলা করে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা ৩টার সময় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অন্যদিকে বিকেল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্কে ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ডাকবাংলো মোড় থেকে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে আসার সময় বিক্ষোভ মিছিলটি নগরীর পিকচার প্যালেস মোড় অতিক্রম করার সময় খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেলসহ খুলনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ওপর হামলা চালায়। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিএনপির নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে।

তবে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দপ্তর থেকে অনুমতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে সমাবেশ শুরু করলেও পুলিশের মদদপুষ্ট হয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে। এমনকি ওই ঘটনায় যারা আহত হয়েছে তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে পুলিশ আটক করছে।

গতকাল শুক্রবার সকালে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, কেএমপি থেকে অনুমতি নিয়ে সমাবেশ শুরু করা হয়েছিল। কিন্তু সরকারি দলের নেতাকর্মীরা অসহিষ্ণু আচরণ করে। তারা হামলা চালিয়ে সমাবেশের ৫০০ চেয়ার ভাঙচুর করে। বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। অথচ পুলিশ এখন আমাদের নামেই মামলা করেছে। বিএনপির এ নেতা বলেন, এসব ঘটনায় দলের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০০-৮০০ ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। এদের মধ্যে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।