ব্রাজিলের ৩৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

খাদ্য নিরাপত্তা ঝুঁকি ক্রমাগত বাড়ছে ব্রাজিলে। ২০২১ সালের পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ১২ মাসে কোনো একবেলা নিজের বা তাদের পরিবারের জন্য খাবার জোগাড় করতে অক্ষম মানুষের সংখ্যা ৩৬ শতাংশ, যেটি ২০১৯ সালে ছিল ৩০ শতাংশ। ব্রাজিলের একাডেমিক প্রতিষ্ঠান গেটুলিও ভার্গাস ফাউন্ডেশন (এফজিভি) গত বুধবার গ্যালাপ ওয়ার্ল্ড পোলের একটি তথ্য প্রকাশ করে।

প্রকাশিত তথ্যের নতুন বিশ্লেষণ অনুসারে ২০০৬ সালে ডাটা ট্র্যাকিং শুরু হওয়ার পর থেকে লাতিন আমেরিকার বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা এই প্রথমবারের মতো বিশ্বের গড়কে ছাড়িয়ে গেছে।

দেশটি বিশ্বের শীর্ষ কৃষিপণ্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও ব্রাজিলিয়ানরা এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এফজিভির সোশ্যাল পলিসিস সেন্টারের পরিচালক ও গবেষণাপত্রের লেখক অর্থনীতিবিদ মার্সেলো নেরি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম। এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি।

করোনা মহামারী চলাকালীন ব্রাজিলের সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা ২০২১ সালে ৭৫ শতাংশ বেড়েছে, যা ২০১৯ সালে ছিল ৫৩ শতাংশ এবং জিম্বাবুয়ের স্তরের কাছাকাছি। পরিসংখ্যানের তথ্য বলছে, জিম্বাবুয়েতে বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার সর্বোচ্চ হার ৮০ শতাংশ। সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০২১ সালে খাদ্য নিরাপত্তাহীনতায় লিঙ্গবৈষম্য ব্রাজিলে ছয় গুণ বেশি ছিল।