ছাত্রদল নেতাকর্মীদের ব্যবহার করে বিএনপি দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ছেলেদের দিয়ে নৈরাজ্য করেছে। এ ছাড়াও সারা দেশে ছাত্রদলকে লেলিয়ে দিয়ে দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’ গতকাল শনিবার লালমনিরহাট সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নেতাদের সজাগ থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপির ওই ‘অপচেষ্টা’ প্রতিহত করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি ২০০৯ সাল থেকে পল্টন অফিসে বসে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। অফিসে বসে বিদায় ঘণ্টার স্বপ্ন দেখতে দেখতে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বপ্ন যে কেউ দেখতেই পারে, কিন্তু দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বর্তমানে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।’
পদ্মা সেতুর অর্থায়নে দাতা সংস্থাগুলো যেন এগিয়ে না আসে সেজন্য বিএনপি নানা রকমের অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু করতে যেন না পারে, বিশ্বব্যাংকসহ দাতাসংস্থা যাতে এগিয়ে না আসে, সেজন্যও নানা রকমের অপচেষ্টা চালিয়েছে বিএনপি। কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে দেখে জনগণ তাদের ধিক্কার দিচ্ছে, তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল দিনে এক কথা বলছে রাতে আরেক কথা বলছে। গয়েশ্বর বাবুও সকালে এক কথা বলে তো রাতে আরেক কথা।’
তথ্যমন্ত্রীর বক্তব্যের সময় অন্যদের মধ্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফর, জেলার পুলিশ সুপার আবিদা সুলতানাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বেলা ৩টায় জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভায় আরও উপস্থিত হন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য শাহজাহান খান।