কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দ্বিতীয় দিনে নগরীর দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারের সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। নিজাম উদ্দিন কায়সার ও তার অনুসারীরা দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় ঘোড়া নিয়ে প্রচার শুরু করেন। এতে নির্বাচনী আচরণবিধির ১০ নম্বর ধারা লঙ্ঘন হওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তাকে সতর্কও করা হয়েছে।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচার চালানোয় তাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নি সাংবাদিকদের বলেন, গতকাল দুপুরে নগরীর ডুলিপাড়ায় গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচার চালান নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের কর্মী-সমর্থকরা। জরিমানার পাশাপাশি নৌকার প্রার্থীকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। গত শুক্রবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হয়। এর আগের দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এখন মেয়র পদে প্রার্থী আছেন ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা), সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত গত দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজামউদ্দিন কায়সার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা)। এ ছাড়া ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০৬ ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৬৩০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১। নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০ জন।