‘রেকর্ড ম্যান’ আনচেলত্তি

ফুটবল ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখলেন কার্লো আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে জিতলেন চারটি চ্যাম্পিয়নস লিগ।

এমন ইতিহাস গড়া কোচের নামের পাশে ‘রেকর্ড ম্যান’ অভিধা নিশ্চিতভাবে জুড়ে দেওয়া যায়। এভারটন ছেড়ে যে অভিপ্রায়ে ফের সান্তিয়াগো বার্নাব্যুতে আগমণ, তাতে পুরোপুরি সফল আনচেলত্তি। ইতালিয়ান কোচের প্রত্যাবর্তনের মৌসুমেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধার রিয়ালের।

প্যারিসে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিনিয়াসের একমাত্র গোল ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা। আসরের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নও তারা।

তবে এই জয় সহজ ছিল না রিয়ালের জন্য। পুরো আসরে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে রিয়ালকে। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দেখা পেয়েছে কাঙ্ক্ষিত সাফল্যের। এই সাফল্যের মন্ত্রটা শিষ্যদের মনে জপতে থাকার জন্য দিয়েছিলেন আনচেলত্তি। দ্বিতীয় রাউন্ডে ওঠার পর থেকে পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেভাবে তারা রোমাঞ্চের জন্ম দিয়ে ফাইনাল নিশ্চিত করল, তা অবিশ্বাস্যই বটে।

আনচেলত্তিও তাই মনে করেন। তবে শিষ্যদের প্রতি বিশ্বাস ছিল তার, ‘আমরা ভুগেছি, তবে দলের পূর্ণ প্রতিশ্রুতি ছিল। আমরা খুশি কারণ, ভালোভাবে মৌসুম শেষ করতে পেরেছি।’

রিয়ালকে রাজত্ব ফিরিয়ে দিয়ে ইতিহাস গড়েছেন আনচেলত্তিও। রেকর্ড চারবার চ্যাম্পিয়নস লিগ জয় যে নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না তার, ‘চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি, আমার বিশ্বাসই হচ্ছে না।’