রংপুরে কৃষক শরিফ খুন: পরিবার 'নিরাপত্তাহীনতায়'

রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের কাশিয়াবাড়িহাটে প্রকাশ্যে বল্লম দিয়ে কুপিয়ে কৃষক শরিফ মিয়া হত্যায় জড়িত রফিকুল ইসলামসহ অন্যদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় তার মা অভিযোগ করেন, আসামি রফিকুলের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় এখন পরিবারের প্রতিটি সদস্য। 

মা জোবেদা খাতুন দেশ রূপান্তরকে বলেন, শুধু তাই নয়, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে মামলার বাদী আমার তৃতীয় পুত্র এমদাদুল হককে হুমকি-ধমকি এবং আর্থিক প্রলোভনে নিজের কবজায় জিম্মি করে রেখেছে অভিযুক্তরা। এ ছাড়া মামলার সাক্ষী আমার চতুর্থ পুত্র আশরাফুল, পঞ্চম একরামুল, ৬ষ্ঠ পুত্র এনামুলসহ চার বোন এবং অন্যান্য সাক্ষীদের  হুমকি-ধমকি দিয়ে আসছিল। এখন পর্যন্ত সেই হুমকি অব্যাহত আছে।

তিনি বলেন, 'এ ছাড়া রফিকুল এলাকায় প্রকাশ্যে বলে বেড়াচ্ছে পুলিশ, আইন-আদালত আমি কিনে নিয়েছি। আমার কিছুই হবে না। মামলা থেকে খালাস পেয়ে এসে আমাদের পরিবারের সবাইকে আমার দ্বিতীয় পুত্র শরিফ মিয়ার মতো বল্লম  ও তীর দিয়ে মেরে ফেলবে'।

জোবেদা বেগম ছেলে  হত্যার বিচার  দাবি  করেন।