ব্রাজিল-আর্জেন্টিনার মতো খেলা কুমিল্লায় দেখতে চান সিইসি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যুদ্ধ নয়, প্রতিযোগিতা চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার মতো। এখানে কেউ বিজয়ী হবে, কেউ হারবে। তবে কেউ পেশিশক্তির ব্যবহার করবেন না। যদি কোনো প্রার্থী পেশিশক্তি ব্যবহার করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন সেটা হবে চরম ভুল। আমরা প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেব।’ গতকাল রবিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সিটির নির্বাচন করতে প্রস্তুত জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের দিন মাঠে থাকবেন। কেউ নিয়ম ভঙ্গ করলে দায়িত্বে প্রয়োজনে আমরা ক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করব না।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি কেউ নির্বাচনে কূটকৌশলের আশ্রয় নিয়ে বিজয়ী হন এবং তা যদি নির্বাচনের পরে তদন্ত করে বের করা যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণসহ ফৌজদারি আইনে মামলা দায়ের করবে।’ তিনি বলেন, কোনো কারণে যদি কোনো কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে সেক্ষেত্রে কোনো ভোটার যদি বিকেল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন তাদের জন্য রাত ১টায় হলেও ভোটগ্রহণ করা হবে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করার সব প্রস্তুতি আছে জানিয়ে সিইসি বলেন, কেউ যদি সুন্দর পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করেন সে ক্ষেত্রে ওইসব ব্যক্তি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অনুরোধ করব তারা যেন সৌহার্দ্য বজায় রেখে নির্বাচন শেষ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফারুক আহম্মদ খান, কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

মতবিনিময় সভায় মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার, হাতপাখা প্রতীকের রাশেদুল ইসলাম ও হরিণ প্রতীকের প্রার্থী কামরুল আহসান বাবুল। এছাড়াও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।

মতবিনিময় সভায় জানানো হয়, এবার কুমিল্লা সিটি নির্বাচনে ১৬৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এখন ১৪৭ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ১০৫ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে।

সভায় আরও জানানো হয়, নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ ও পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন দুজন। ১৩ জুন মক ভোটিং অনুষ্ঠিত হবে।