নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সর্বনিম্ন বয়স ১২

১২ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। আর ১৮ বছরের বেশি বয়সী কোনো শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে বা রেজিস্ট্রেশন করতে পারবে না। এসব তথ্য জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামীকাল ১ জুন থেকে শুরু হচ্ছে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। ৩১ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দিতে পারবে। রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুলত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।