বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

ওলেকসান্দর জিনচেঙ্কোর চোখের জল বৃথা যায়নি। স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে তার দল ইউক্রেন। গ্লাসগোতে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ওলেকসান্দর পেত্রাকোভের শিষ্যরা।

৫ জুন কার্ডিফে স্বাগতিক ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফের ফাইনাল খেলবে ইউক্রেন। জয় পেলেই কাতারের টিকিট নিশ্চিত হবে জিনচেঙ্কোদের। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন ম্যানচেস্টার সিটি তারকা।

বিশ্ববাসীকে জানিয়েছিলেন, মাতৃভূমিতে রুশ সৈন্যদের হামলার ব্যাপারে। আর্দ্র হয়ে ওঠা কণ্ঠে ছিল, যুদ্ধ থামানোর আহ্বান। সবকিছু ছাপিয়ে দেশের জনগণের মনে এক চিলতে হাসি ফোটাতে চেয়েছিলেন তিনি। তার জন্য পুরো ম্যাচে নিজেকে ঢেলে দিলেন সিটি তারকা। তার চেষ্টা বৃথা যায়নি। বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন।

স্কটিশদের হারিয়ে আবেগে কেঁদেছেন জিনচেঙ্কোদের কোচ পেত্রাকোভ। তিনি জানান, ঘরে ফেরার জন্য যারা যুদ্ধ করছে তাদের জন্য খেলেছে তার দল। পেত্রাকোভের ভাষায়, ‘আমরা তাদের জন্য খেলেছি, যারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করছে, তাদের জন্য যারা প্রতিদিন ভুগছে।’