ঝিনাইদহে মেয়র প্রার্থীর গণসংযোগে সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে তার ব্যবহৃত গাড়ি।

বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, প্রার্থীর ভাই কাইয়ূম শাহরিয়ার প্রজ্জল, লাবলুর রহমান, হুমায়ন কবীর, তরিকুল ইসলাম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে গোবিন্দপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করে শহরের ধোপাঘাটা নামক স্থানে এসে পৌঁছায় স্বতন্ত্র প্রার্থী।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা মোটরসাইকেলে স্লোগান দিতে দিতে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে তারা ইটপাটকেল ছুড়তে থাকে।

একপর্যায়ে হামলাকারীরা প্রার্থী ও তার ভাইসহ আরও ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

এ সময় আত্মরক্ষার্থে তিনি তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ে। পরে হামলাকারীরা স্থান ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।