২০২৩ সালে যমুনা নদীর টাঙ্গাইল অংশে বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙন পরিদর্শনে এসে বৃহস্পতিবার (২ জুন) সকালে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ভাঙন রোধে একটি প্রকল্প দিয়েছি যা অলরেডি একনেকে পাশ হয়ে গেছে। এই বর্ষার আগে কাজটি শুরু করতে না পারলেও আগামী বর্ষার আগে কাজ শুরু হবে। যখন কাজ শেষ হবে তখন কিন্তু এই নদী ভাঙন থাকবে না।
জাহিদ ফারুক বলেন, এই নদীতে আমরা স্পাত দিবো যাতে করে ঢেউ এসে আবার ভাঙন না হয়। এখানে সমীক্ষা হচ্ছে, যাতে সবকিছু বোঝার পর আমরা কাজ শুরু করতে পারি। আশা করা যাচ্ছে, আগামী বর্ষার আগেই আমরা এই বাঁধের কাজ শুরু করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের লোকজন।