স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল খালেক ও তার সমর্থক কর্র্তৃক মিছিল-শোভাযাত্রা করে ১৮ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবদুল খালেক অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদীর প্রচারাভিযানে বাধা দেন।
আবদুল খালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।
ইসির সচিব হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিল হওয়ায় স্বতন্ত্র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল, মিজানুর রহমান মাসুম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলামের প্রার্থিতা বহাল থাকল।