বোরকা পরায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হয়রানির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে শিক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলেছে আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ আগস্ট ধার্য রেখেছে হাইকোর্ট।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থানে অন্তত আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুলছাত্রী ও অভিভাবকদের বোরকা পরা নিয়ে হেনস্তা ও হয়রানির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে। এসব প্রতিবেদন যুক্ত করে প্রতিকার চেয়ে হাইকোর্টে একটি রিট করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলম। আবেদনের ওপর শুনানি নিয়ে ওই বছরের ১ জুলাই রুল দেয় হাইকোর্ট। রুলে নির্ধারিত স্কুল ড্রেসের ওপর বোরকা পরা নিয়ে বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রীদের হয়রানি করা কেন আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চায় হাইকোর্ট। আগের রিটের ধারাবাহিকতায় এ ধরনের হয়রানির অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রিটকারীপক্ষে সম্প্রতি একটি সম্পূরক আবেদন করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ আহসান ও ইলিয়াছ আলী মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটকারীপক্ষ একটি আবেদন করেছিলেন। আদেশে ঘটনার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।’