স্কুলছাত্রী অপহরণের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ ১০ম শ্রেণির স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে। তারা দুজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের উত্তর হরিরামপুর গোমস্তাপাড়া চৌপতি এলাকা থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। শনিবার সকালে স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল পাঠানো হবে।

পরে, শুক্রবার দুপুরের দিকে পার্বতীপুর মডেল থানায় অপহৃত মেয়েটির বাবা বাদী হয়ে ১০ম শ্রেণির ওই ছাত্রকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করে আসামি করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাচ্চু মিয়া জানান, দশম শ্রেণির ওই ছেলে নবম শ্রেণির ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে মেয়ের পরিবার ছেলেটির পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি আরও জানান, গত বুধবার দুপুরে গোমস্তা চৌপতি মোড়ে অটোবাইকে করে স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।