পদ্মা সেতুর উদ্বোধনী ক্ষণ উদযাপন হবে ৬৪ জেলায়

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। জেলায় জেলায় উৎসব করেও এই ক্ষণ উদযাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ কয়েকটি জেলায় এ উপলক্ষে ২৫ জুন থেকে পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে থাকবে রাজধানী ঢাকার হাতিরঝিলে লেজার শো প্রদর্শনী। গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।

পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশে একযোগে দেখানোর ব্যবস্থা করতে গত ১ জুন সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে হাতিরঝিলে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর পাশাপাশি লেজার শোর আয়োজন করা হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ জুন পর্যন্ত তাদের অনুষ্ঠান পালন করতে বলা হয়েছে। পরবর্তী দিনগুলোর অনুষ্ঠান হাতিরঝিল ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান বা অন্য কোনো সুবিধাজনক জায়গায় করা হতে পারে। অনুষ্ঠানমালায় পদ্মা সেতুকেন্দ্রিক ভিডিও দেখানোসহ বিভিন্ন আয়োজন থাকবে।

পদ্মা সেতুর মূল কাজ আগেই শেষ হয়েছে। সাজসজ্জার বাকি টুকটাক কাজও ১৫ জুনের মধ্যে শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।