নেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ (৫০) এরশাদনগর ৫ নম্বর ব্লকের মৃত আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
ওসি জাবেদ মাসুদ বলেন, শুক্রবার সকালে একজন নারী সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আগামীকাল শনিবার তাকে গাজীপুর আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে প্রেমের স¤পর্ক গড়ে তোলেন কাউন্সিলর ফারুক আহমেদ। গত ২৩ মে সকাল ১০টার দিকে কাউন্সিলর ফারুক তার বাসায় যান। এসময় তাকে ঘরে একা পেয়ে নেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে কাউন্সিলর ফারুক আহমেদ ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান কাউন্সিলর ফারুক।