মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র হাবিবুর রহমানকে (১৫) গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

হাবিবুর রহমান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ক্যাম্প পাড়ার তারা মিয়ার ছেলে।

ওই মাদ্রাসার ছাত্ররা বলেন, হাবিবুরের সঙ্গে কিছু কথা হয়েছে আমাদের। সে জানিয়েছে, তিনজন অজ্ঞাত যুবক তাকে কথা বলার জন্য পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। একপর্যায়ে আচমকাই তাকে জাপটে ধরে গলা কেটে খুন করার চেষ্টা করেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, মাসখানেক আগে ওই ছাত্র জামালপুরের একটি মাদ্রাসা থেকে এখানে এসেছে বলে জেনেছি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।