মাতারবাড়ী সমুদ্রবন্দর

ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে

মহেশখালীর মাতারবাড়ীতে বাস্তবায়নাধীন গভীর সমুদ্রবন্দরকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে পারলে এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। তিনি বলেন, শুধু দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য বে-টার্মিনালই যথেষ্ট। মাতারবাড়ী সমুদ্রবন্দরকে কার্যকর করতে হলে রিজিওনাল কানেকটিভিটি বাড়াতে হবে। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তরফদার রুহুল আমিন বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি প্রতি বছর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দ্রুত বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। এখানে বিনিয়োগ করার মতো অনেক দেশীয় বিনিয়োগকারী রয়েছেন, তাদের সুযোগ দেওয়া দরকার।

বর্তমানে সারা বিশে^ বিদেশি মুদ্রার অস্থিরতা বিষয় উল্লেখ করে তিনি বলেন, ডলারের দাম বেড়েছে। রপ্তানি না বাড়লে রিজার্ভে টান পড়বে। এজন্য বিদেশি মুদ্রা আহরণে দেশীয় সরকারি-বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে। বিষয়টি সূক্ষ্মভাবে বিবেচনা করতে হবে। বিদেশি মুদ্রার বড় রেভিনিউ আসছে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু এতে মূল্য সংযোজন কম। আরও নতুন নতুন আয়ের খাত বের করতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। এসময় সাইফ পাওয়ারটেক-এর পক্ষ থেকে প্রেস ক্লাবের সদস্য কল্যাণ তহবিলের জন্য ২৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন তরফদার রুহুল আমিন।