জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আগামী ১৫ জুলাই পর্যন্ত অপ্রয়োজনীয় ছুটি না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন ও বাস্তবায়নকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের বাজেট সম্পর্কিত কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে এনবিআর।
আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে গত ২ জুন এনবিআরের কর্মকর্তাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বাজেট পেশকালে বাজেটের বিভিন্ন প্রস্তাবনা বাজেট সংক্রান্ত দলিলপ্রাপ্তির আগেই বাজেটে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য সদর দপ্তর, সব বিভাগ ও সার্কেলের সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।