প্রথমবারের মতো পদ্মা সেতুতে জ্বলল বাতি

পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে প্রথমবারের মতো জ্বলে উঠল বাতি। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেতুর ১৪ থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝি বেশ কয়েকটি ল্যাম্পপোস্ট জ্বলে উঠতে দেখা যায়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, পরীক্ষামূলকভাবে কয়েকটি বাতি জ্বালানো হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ল্যাম্পপোস্ট আছে ৪১৫টি। এছাড়া দু’পাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০ বাতি। তবে গতকাল তার মধ্যে কতটি বাতি জ্বালানো হয় তা নিশ্চিত করেননি দেওয়ান মো. আবদুল কাদের।

গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। চলতি বছরের ১৮ এপ্রিল ল্যাম্পপোস্ট বসানো ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে কেব্ল টানা হয়েছে। গত ২৪ মে প্রথমে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়। একই দিন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিও সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়। তবে সব ল্যাম্পপোস্টে সংযোগ দেওয়ার কাজ শেষ হয় ৩০ মে।

দেশের সবচেয়ে বড় এ সেতুর প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে সাড়ে ৯৪ শতাংশ। আর মূল সেতুর অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ। মূল সেতুতে এখন কেব্ল লেইং, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট ও সাবস্টেশনের কাজ চলমান রয়েছে। এছাড়া গ্যাস পাইপলাইন ৯৯ দশমিক ২৫ শতাংশ এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের ৯৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আগামী ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই সেতু।