মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শনিবার মোটরসাইকেল-বাস সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম মো. সাহেব আলী। তিনি সাভার সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরার মোহাম্মদপুর ইউনিয়নের  পোড়াইল গ্রাম থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন।

আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জিল্লুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, ওই সেনা সদস্য  ঢাকা-খুলনা  মহাসড়কে ফায়ার সার্ভিস এলাকা থেকে ২০০ মিটার দূরে  একটি নীল রঙের এসি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওই সেনা সদস্য মারা যান। সাহেব আলীর ভাবি মুঠোফোনে বলেন, ‘সাহেব আলী ছুটি শেষে মোটরসাইকেলযোগে মাগুরা থেকে সাভার কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা জানতে পারি। সাহেব আলীর একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে কুড়িগ্রাম পৌরশহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় অপর একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের সাল্লারবাড়ি এলাকায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এক কর্মী নিহত হয়েছেন। আমাদেরন প্রতিনিধিদের পাঠানো খরব :

কুড়িগ্রামে ট্রাকচাপায় ট্রাকের হেলপার নিহত : কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় অপর একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তার নাম আলম মিয়া (৫০)। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন। গতকাল শনিবার  ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককের পাশে থাকা আলম মিয়া নামের এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই হেলপার নিহত হন। ঘাতক ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপাসিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ : গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের সাল্লারবাড়ি এলাকায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন পিকআপ চালক মো. জিন্নাত ও যাত্রী দেলোয়ার হোসেন (২৬) । এ ঘটনায় দেলোয়ার হোসেনের মা গুরুতর আহত হয়েছেন।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ থেকে গুরুতর আহত পিকআপ চালক জিন্নাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রী দেলোয়ার হোসেনকে (২৬) রাজধানী উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।

বিক্ষোভ শেষে বাড়ি ফেরা হলো না আ.লীগ কর্মীর : কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু হোসেন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বেড়পাড়া এলাকার আবু মুসার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। পেশায় একজন গরু ব্যবসায়ী।

মিরপুর থানার ওসি গোলাম মস্তফা ঘটনাস্থল থেকে জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি।