ধানমন্ডি আইডিয়াল কলেজ

অধ্যক্ষসহ চার শিক্ষক সাময়িক বরখাস্ত

ভুয়া পিএইচডি ডিগ্রি, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদ ও তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে গভর্নিং বডি। চার ঘণ্টা বৈঠক শেষে গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় এ সিদ্ধান্ত জানায় কমিটি। গভর্নিং বডির একজন সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের তরুণ কুমার গাঙ্গুলি ও গণিত বিভাগের মো. মনিরুজ্জামান। 

বরখাস্ত করার ঘটনার পরও উত্তেজনা চলছে কলেজটিতে। শিক্ষকরা জানান, বর্তমান ভাইস প্রিন্সিপাল মুজিবর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হচ্ছে। যা তারা মানেন না। তাদের দাবি, ভাইস প্রিন্সিপালকে অধ্যক্ষ করা মানে আবারও সেই ব্যক্তিকেই অধ্যক্ষ করা। সৎ ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান না করা হলে এই ক্যাম্পাস থেকে শিক্ষকরা ঘরে ফিরবেন না বলে জানান।

এর আগে গত শুক্রবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা। সংবাদ সম্মেলনে অধ্যক্ষকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সম্প্রতি শিক্ষা অধিদপ্তরের এক তদন্তেও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।