চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন।
রবিবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য জানান।
তিনি জানান, এর মধ্যে মনিরুজ্জামান নামে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরও ২ জন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, বিভাগীয় কর্মীর বাইরে মোট ১০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর এখন পরযন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ১৬ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন।
ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, ওই কনটেইনার ডিপোতে একটি হাইড্রোজেন পার অক্সাইডের চালান ছিল। সেখানে পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণ হয়েছে শুনলাম।