মহিলা পরিষদের মানববন্ধন

রাজবাড়ীতে ৫ জনকে পিটিয়ে জখম করার প্রতিবাদ

রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে মাস্টারবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে নারীসহ পাঁচজনকে পিটিয়ে জখম ও নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখা।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লায়লী নাহার, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, অনিতা চক্রবর্তী ও নির্যাতিত পরিবারের সদস্য শুভ্রা ঘোষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের মাস্টারবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে হামলা চালানো হয়। এ-সময় পরিবারটির তিন নারী সদস্যকে পিটিয়ে জখম করা হয়। একই সঙ্গে নারীদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে মহিলা পরিষদ রাজবাড়ী শাখা।