সড়কে প্রাণ গেল ৩ বৈজ্ঞানিক কর্মকর্তার

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচ বাম পাশ দিয়ে ওভারটেকিং করতে গিয়ে প্রথমে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসকে ধাক্কা মারে। এ সময় নৈশ কোচের চালক গাড়িটি ঘোরানোর সময় একই লেনের একটি গরুবোঝাই ট্রাককে ধাক্কা মেরে সড়ক বিভাজক ভেঙে অন্য লেনে গিয়ে ঢাকা থেকে সাভারের উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মিনিবাসের সামনে সজোরে ধাক্কা মারে।

মুহূর্তেই প্রাণ যায় মিনিবাসের চার যাত্রীর। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ও মিনিবাসের চালক রাজিব হোসেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুজ্জামান ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৫তম ব্যাচের শিক্ষার্থী, জাবির ৪১তম ব্যাচের শিক্ষার্থী পূজা সরকার ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং বুয়েট মেকানিক্যাল-১০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রকৌশলী কাউসার আহমেদ রাব্বী। এ দুর্ঘটনায় জাবির ৩৫তম ব্যাচের ফারহানা ইসলাম নামে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।

আহতদের দেখতে গতকাল দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায়, কষ্টের টাকায় একেকজনকে আমরা তৈরি করি। যারা মারা গেছেন তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই আমাদের। এটা খুবই দুঃখজনক। রাস্তাঘাটে আমরা খুবই বেখেয়ালে গাড়িগুলো চালাই।’

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত কয়েকজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান জানান, এখন পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।