পুঁজিবাজারে কমেছে লেনদেন ও সূচক

টানা সাত কার্যদিবসের উত্থানের পর দুদিন ধরে পুঁজিবাজারে মূল্য সংশোধন চলছে। এতে করে বেশিরভাগ শেয়ারের দর হ্রাসের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচা হওয়া প্রায় ৬০ শতাংশ শেয়ারের দর হ্রাসে প্রধান মূল্যসূচকটি কমেছে ২০ পয়েন্ট। আগের দিনও সূচকটি ৮ পয়েন্ট কমে। তবে গতকাল সূচক কমে যাওয়ার পাশাপাশি লেনদেনের পরিমাণ ২৪ শতাংশ কমেছে।

পর্যালোচনায় দেখা গেছে, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় গতকাল চারটি ছাড়া সব খাত দর হারিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাজার মূলধন কমেছে সেবা ও নির্মাণ, তথ্যপ্রযুক্তি, খাদ্য ও অনুষঙ্গ, কাগজ ও প্রকাশনা, পাট, সিরামিক ও সিমেন্ট খাত। এদিকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকলেও ব্যাংক ও বীমা খাতের শেয়ারের দর বাড়ছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকালও বীমা খাতের বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে পুরো খাতটির বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।