আসছে ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন বাজেট (এডিপি) থেকে ৬৫৯টি নতুন প্রকল্পের জন্য থোক বরাদ্দ রাখা হচ্ছে ৫ হাজার ৩০ কোটি টাকা। থোক বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে গৃহায়ন ও পরিবহন খাতে।
বার্ষিক উন্নয়ন বাজেটের (এডিপি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিকল্পনা কমিশনে ২০২২-২৩ অর্থবছরের জন্য নতুন অননুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য ১ হাজার ২৫৫টি প্রকল্পের প্রস্তাব পাঠায়। এর মধ্য থেকে বিভিন্ন পর্যালোচনা শেষে ৬৫৯টি নতুন প্রকল্প তালিকায় রাখা হচ্ছে।
এডিপির তথ্য অনুযায়ী, যে কয়টি মন্ত্রণালয় ও বিভাগে থোক বরাদ্দ রাখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে গৃহায়ন বিভাগে। এ বিভাগের নতুন প্রকল্পের জন্য ১ হাজার ১২৭ কোটি টাকা থোক বরাদ্দ থাকছে। যার মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৬০৩ কোটি আর প্রকল্প সাহায্য আসবে ৫২৪ কোটি টাকা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ থোক বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। এ খাতের জন্য থোক বরাদ্দ ১ হাজার ১০০ কোটি টাকা। এ অর্থের পুরোটাই দেবে সরকার। পরিবহন ও যোগাযোগ খাতের নতুন প্রকল্পের জন্য কোনো বৈদেশিক অর্থায়ন রাখা হয়নি। অবশ্য এ খাতের সেতু বিভাগের জন্য বরাদ্দ থাকছে ৫০০ কোটি টাকা। এছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন প্রকল্পের জন্য থাকছে ৩০০ কোটি টাকার বরাদ্দ।
চলতি বছরের এডিপির তথ্য ঘেঁটে দেখা যায়, চলতি বছর ৩০ জুন ৫৫২টি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ার শঙ্কা রয়েছে। ফলে নতুন প্রকল্প গ্রহণ ও পুরাতন প্রকল্প সঠিক সময়ে সম্পূর্ণ না হওয়ায় এক ধরনের চাপে পড়তে যাচ্ছে নতুন এডিপি।
পরিকল্পনা কমিশনের সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে বিভিন্ন সেক্টরের আওতায় মন্ত্রণালয়-বিভাগভিত্তিক নতুন প্রকল্পে থোক বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০ কোটি ১৩ লাখ টাকা রাখা হচ্ছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৫০ কোটি এবং বৈদেশিক ঋণ ৯৮০ কোটি টাকা।
চলতি অর্থবছর ২০২১-২২ শেষ হচ্ছে এ মাসের ৩০ তারিখে। সে হিসাবে ৩০ জুন মেয়াদোত্তীর্ণ হবে এমন ৫৫২টি প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। মেয়াদ বৃদ্ধি যথাসময়ে না হওয়ায় অর্থবছরের প্রথম চার থেকে পাঁচ মাস এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ছাড় ও ব্যয় করা সম্ভব হয় না বিধায় এডিপির বরাদ্দ কম ব্যবহার হয় এবং সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ে। এসব প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল আগামী ৩০ জুনের মধ্যে বৃদ্ধি সংশোধনের সব প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন বলে জানায় কমিশন।
এডিপিতে মোট প্রকল্প ১ হাজার ৪২৪টি : এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত প্রকল্প সংখ্যা ১ হাজার ৪৩৪টি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত এডিপি থেকে প্রস্তাবিত এডিপিতে স্থানান্তরিত প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৯০টি।
বৈদেশিক সহায়তা প্রাপ্তির প্রকল্প ১৮০টি : বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ হতে ২০২২-২৩ অর্থবছরের ১৮০টি প্রকল্প বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য এডিপিতে প্রস্তাব করা হয়। এসব তালিকা পর্যালোচনা করে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটি ১৫০টি প্রকল্প তালিকাভুক্তির সুপারিশ করে।
সম্পন্ন হচ্ছে ২৮০ প্রকল্প : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে সমাপ্য প্রকল্প অর্থাৎ ৩০ জুনের মধ্যে ২৮০টি প্রকল্প সম্পন্ন হবে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ২৪৫টি, কারিগরি ২৪টি এবং নিজস্ব অর্থায়নের ১১টি প্রকল্প রয়েছে।
ইতিমধ্যে আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বাড়িয়ে প্রায় ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা করা হয়েছে; যার ৩০ শতাংশ বরাদ্দ থাকছে একক খাত পরিবহন ও যোগাযোগে।