চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘চট্টগ্রামে আমাদের উচ্চপর্যায়ের তদন্ত টিম কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার গাফিলতি, কোনো উদ্দেশ্য আছে কি না, কেউ পুড়িয়েছে কি না কিছুই বলা যাচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, না হলে এত প্রাণ যায় না।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজা শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (ফায়ার ফাইটার) যে অকুতোভয় সেটা তারা সবসময় প্রমাণ দিয়েছেন। তারা জানে এখানে ঝুঁকি আছে, তারপরও তারা একমুহূর্ত দেরি করেনি। তারা ছুটে গিয়েছেন, যথাযথ চেষ্টা করেছেন, এতে তাদের নয়জন শাহাদাতবরণ করেছেন। আরও তিনজনকে এখনো শনাক্ত করা যায়নি। মরদেহও পাওয়া যায়নি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কিন্তু ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিস থেকে আধুনিক ফায়ার সার্ভিসে নিয়ে এসেছি। আজ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। আগে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পরে উপস্থিত হতো। এখন আর সেই ফায়ার সার্ভিস নেই ডিফারেন্সটা এখানেই।’
ঘটনার সঙ্গে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে তাহলে আপনারা নমনীয় হবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা কি কখনো দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন। সংসদ সদস্যকেও ছাড় দেননি। আমাদের মেসেজ স্পষ্ট, যদি কারও সম্পৃক্ততা এবং কারও গাফিলতি পাওয়া যায় অবশ্যই তাদের শাস্তি পেতে হবে।’