মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদ্য বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিসহ ৫ রাজনৈতিক দল। গতকাল মঙ্গলবার আলাদা বিবৃতিতে দলগুলো বলেছে, নূপুর শর্মা ও আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল যে মন্তব্য করেছেন তা বাংলাদেশসহ বিশে্বর মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে দলটি বলেছে, ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (সা.) এবং তার স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে নূপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। নূপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল।’
বিবৃতিতে বলা হয়, বিজেপি নেতাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরূপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী। বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তবে দলের মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে বিএনপি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
পৃথক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, ‘বিজেপির মুখপাত্র রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করে সারা বিশে্বর মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করেছেন।’
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিজেপি নেতাদের মন্তব্য বিশ্ব শান্তির ওপর আঘাত উল্লেখ করে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কটূক্তির প্রতিবাদে দেশের সব জেলা ও মহানগরে শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিজেপি নেতারা যে অশালীন মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। এটি ধর্মীয় মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। শুধু বহিষ্কার নয়, তাদের গ্রেপ্তার করতে হবে।