কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কলেজপাড়া (গাছবাড়ি) এলাকায় বায়েজিদ ছাত্রাবাসের মালিকের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত অপর দু’জন হলেন- সদরের সবুজ পাড়া এলাকার আবু হায়াত খানের ছেলে রায়হান খান আনন্দ (২২), সদরের হরিকেশ এলাকার নুরুন্নবী ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২১)।
তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে রায়হান খান আনন্দ তৎক্ষণাৎ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে বলে জানা গেছে। তবে ভ্রাম্যমাণ আদালত ওই এসএসসি পরীক্ষার্থীর বয়স ১৮ বছর দেখিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
১৮ বছরের কম বয়সীদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া যায় কিনা, এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযানে তিনজনকেই মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী সেটা জানার পর আমরা তার বয়স জানতে চাই। তারা কোনো কাগজ দেখাননি। তখন তার মা জানান যে তার বয়স আঠারো হয়েছে। আমরা তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিতে চেয়েছি। কিন্তু তার মাসহ অনেকে বলেছেন যে তার বয়স আঠারো হয়েছে। সে জন্য তাকেও ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। তাদের বয়স প্রমাণের কাগজ থাকলে তারা আপিল করতে পারবেন।’
এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।