‘অর্থনৈতিক কূটনীতিতে সর্বাধিক গুরুত্ব’

অর্থনৈতিক কূটনীতির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর রোডম্যাপ আছে এবং আমরা এজন্য দুটি প্যাকেজ হাতে নিয়েছি। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক ডিপ্লোম্যাসি এবং অন্যটি পাবলিক ডিপ্লোম্যাসি।’

গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ইকোনমিক ডিপ্লোম্যাসি উইকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং উচ্চতর দক্ষতা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়া সংঘাত আমাদের বুঝিয়েছে যে আমরা সবাই একে অন্যের সঙ্গে জড়িত এবং প্রতিটি বিষয় সবাইকে প্রভাবিত করে।’ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘অর্থনৈতিক ডিপ্লোম্যাসি পেশাদার কূটনীতিকদের পাশাপাশি অন্যান্য আগ্রহী ব্যক্তিরাও করে থাকে। বাংলাদেশের বর্তমানে প্রায় ৫০০ বিলিয়ন ডলার অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৪২ বিলিয়ন ডলার।’

প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি ধরে রাখতে হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ বেসরকারি খাত প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আইটি খাতও বেশ সম্ভাবনাময়। বর্তমানে ১৫০ কোটি ডলারের আইটি পণ্য বাংলাদেশ রপ্তানি করছে এবং এটি ৫০০ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা আছে।’